একখন্ড রঙিন কাগজ আহ্ম্মেদ আলী রিপন জীবন মানে এক খন্ড রঙীন কাগজ। যে কাগজের গন্ধ পেতে মানুষ ছুটে চলে জলোচ্ছ্বাসের গতিতে। সেই গন্ধে কেউ বা আবার হয় বাকরুদ্ধ বিবেক শূন্য। সেই যাদুময় গন্ধের অভাবে প্রেমিক হারায় প্রেমিকার প্রতিশ্রুতি, স্বামী হারায় স্ত্রীর ভালবাসা, পুত্র হারায় পিতা- মাতার নিঃশর্ত আদর। মধুর সম্পর্কগূলো অচেনা লাগে, মূর্খদের লাগামহীন বক্তৃতায় হৃদপিন্ডের রক্ত শুকিয়ে পানি হয়। তারপর একদিন, পর্দার আড়ালে জানোয়ারদের উদোম নৃত্য দেখে বিনা নোটিশে অশ্রুহীন চোখে নক্ষত্রের পতন ঘটে। পৃথিবীর সবচেয়ে দামী সুগন্ধীর নেশায় উদয় অস্ত নিরন্তর ছুটে চলছে মানুষ, মানুষের জীবন আজ এক খন্ড রঙীন কাগজে বন্দি।